রিমান্ডের থিয়েটার: অতীত ও বর্তমান
নাম কী ? কাশেম । ভালো নাম ? আবুল কাশেম । আগে - পিছে কিছু নাই ? না স্যার , নাই । আমাকে রিমান্ডে আনা হয়েছে । রিমান্ডের কথা এতদিন কেবল কাগজে পড়েছি । কিন্তু বাস্তবে এর অভিজ্ঞতা যে এমন থ্রিলার মুভির মতো হবে , তা ভাবিনি । তুই আব্রাহাম লিংকনকে খুন করেছিস ? জি স্যার , করেছি । লিংকনকে খুন করার সাহস পেলি কীভাবে ? স্যার , সাহস পাইনি । ওইদিন একটু বেশি ভাত খেয়ে ফেলেছিলাম , মাথায় গরম উঠে গেছিল । তাই করে ফেলেছি । কীভাবে করলি ? কীভাবে করেছি , এখন মনে নেই স্যার । একটু ধরিয়ে দিলে বলতে পারব । তবে খুন করেছি , এটা একশ পার্সেন্ট সত্য । মিথ্যা বলব না । তাহলে বল , গলা টিপে মেরেছিস ? এই তো মনে পড়েছে স্যার ! জি , গলা টিপেই মেরেছি । তবে উনি বেশ শক্ত ছিলেন , সময় লেগেছিল । উনার গরুটা কী করেছিস ? গরুর কথা মনে নেই স্যার । একটু ধরিয়ে দেন । গরুটা কেটে কুটে খেয়ে ফেলেছিস ? জি স্যার । কেটে কুটে খেয়েছি । তবে রান্নাটা রহিমা খালা করেছিল । উনি একটু বেশি লবণ দিয়ে ফেলেছিলেন...